ক্যাটাগরি

Showing posts with label ইসলাম. Show all posts
Showing posts with label ইসলাম. Show all posts

রোজ হাশর

রোজ হাশর
::রবিউল করিম::
কবিতাটি ফেসবুক পেজ অণুকাব্য থেকে নেওয়া

নতুন বারতা ভাঙ্গে নীরবতা
ইসরাফিলের বীণে।
কবর ফাটিয়া দাঁড়ায় উঠিয়া
মুর্দায় মিসকিনে।

যে ছিল যেমন উঠিল তেমন
নগ্ন উদোম গা।
কেহ কভু কারে দেখিতে না পারে
সজোরে চলিল পা।

হাঁকে ফেরেশতা, সিধা সে রাস্তা
হাশরের পানে ধায়;
প্রবলের ভয়ে প্রাণ হাতে লয়ে
সকলে ছুটিয়া যায়।

মাথার উপরে আধ হাত পরে
লেলিহান রবি জ্বলে;
মাটি পুড়ে তামা, তবু নয় থামা
মুর্দা সকলে চলে।

মগজ ফোটে রে টগবগ করে
শরীর জ্বলিয়া যায়,
ঘামের সাগরে হাবুডুবু করে
পাপী তাপী আজি হায়!


রহমান আজি ক্বহহার সাজি
বজ্র নিনাদ স্বরে,
'চোপরাও সবে, বিচার হবে'
দিলেন ঘোষণা করে।

তবু তারপর হাজার বছর
এমনি কাটিয়া যায়;
পুড়িয়া গরমে নাহিয়া ঘরমে
পরাণ ফাটিছে হায়!

আরজ করে সেজদায় পড়ে
খোদার আরশ পানে,
হয় হোক নার তবুও বিচার
করগো; বাঁচাও প্রাণে।

আঁধারে আলো

আঁধারে আলো
::রবিউল করিম::

চারিদিকে শুধু শুনি খাই খাই কেহ নাহি কারে সাধে
কত লাখ কোটি ক্ষুধার জ্বালায় উদরে পাথর বাঁধে।
কত কংকালসার শিশুর বুকের খাঁচায় সাক্ষী দেয়
গরীবের হক মারিয়া জালিম স্বর্গের স্বাদ নেয়।
এভারেস্ট সম টাকার পাহাড় গড়িয়া সুখের ঘোরে
বৃথা অপচয় মিছে টাকা ক্ষয় করিছে ধনের জোরে।
খেয়ে না খেয়ে ভিখেরি কত ধুঁকে ধুঁকে মরে হায়
এসব দেখিয়া কারই বা হৃদয় খানিক কাঁপিয়া যায়?
এত জুলুমের শিকড় কাটিতে আসিল ধরার বুকে
ইসলাম রবি সাম্যের ছবি আঁকিল বিভেদ চুকে।

জন্মিল শত আবুবকর আর উমর, গনি, আলী
অন্যরে সুখে রাখিতে লাগালো নিজের জামায় তালি।
রাতের আঁধারে খুঁজিত দুঃখীর কান্নাকাটির হেতু
দুঃখ ঘোঁচায়ে অভাব সায়রে গড়িত সুখের সেতু।
আবারও সেসব দেবদূত কবে আসিবে মানুষ রূপে
চিরদুঃখীজন দেখিবে তখন আলো আঁধারের কূপে।
এমন সময় আসিবে সেদিন মজলুমানের হাত
জালিমের হাত চাপিয়া ধরিবে, বাঁচিবে গরীব জাত।

রমজাণুকাব্য

রমজাণুকাব্য
::রবিউল করিম::

রমজান-
জানপ্রাণ
কোরবান,
পড় বেশী কুরআন।

রমজান-
ছেড়ে গান,
সুখটান,
ভাল কাজ করে যান।

রমজান-
ভুলে যান
অভিমান,
ভাই ভাই হয়ে যান।

রমজান-
প্রতিদান,
সম্মান
দিবে খোদা রহমান।

রমজান-
কম খান !
ভেবে খান !
মার্কেটে কম যান !

শালীনতা

শালীনতা
::রবিউল করিম::

আজি হৃদয়ের ঘরে বাজে ঘুরেফিরে
শুনশান নীরবতা।
শোনে মনের গহীনে মেধা ও মননে
বেদনার কথকতা।

তার প্রাণের আবেগে হৃদয়ের বাগে
কুসুমকলিরা ফোটে।
তবু বিধাতার ভয়ে শালীনতা লয়ে
সুবোধেরা সব ছোটে।

আজি প্রাণের আবেগ মিছে ভাবাবেগ
রুধিতে যদিরে নারি।
মোর তনুমনে হবে ক্ষণে ক্ষণে
গুনাহর ফোয়ারা জারি।

যদি সৎ হতে তবে সতী পেতে;
জীবনের যত গ্লানি,
বেদনা, যাতনা কভু আসিতনা;
বাড়িতনা প্রাণহানি।।

হিসেবণুকাব্য

হিসেবণুকাব্য
::রবিউল করিম::

ছিলনা স্বপন ছিল এ ভুবন
তোমার জনম পূবে...
রবে সকলের ইতিহাস ফের
মরণ সায়রে ডুবে...

ভেবনাকো শেষ হয়ে যাবে বেশ
বেবাক ইতিহাস
মরণের সাথে; হিসেবের প্রাতেঃ
কষা হবে প্রতি শ্বাস...